বাংলাদেশি পণ্যের জন্য ডিউটি-কোটা ফ্রি সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া: পররাষ্ট্রমন্ত্রী
স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে উত্তরণের পরও অস্ট্রেলিয়া বাংলাদেশি পণ্যের জন্য ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হাছান মাহমুদের সাথে বৈঠক করেন বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ। বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, আন্তরিকতাপূর্ণ বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি, বাংলাদেশের ১০০টি বিশেষ ইকনোমিক জোন এবং ৪০টি আইটি ভিলেজে অস্ট্রেলীয় বিনিয়োগ, বাংলাদেশিদের মৌসুমি কর্মসংস্থান, সেখানে প্রবাসীদের কল্যাণ, অবৈধ অভিবাসন রোধ, জ্বালানি ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
হাছান মাহমুদ বলেন, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ইউটিসি’র সঙ্গে আমাদের চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ট্রান্সফার সুবিধা রয়েছে যেমনটি অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য করার বিষয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত চার বছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে চার বিলিয়ন অস্ট্রেলীয় ডলারে দাঁড়িয়েছে। যা আগামী পাঁচ বছরে দ্বিগুণ হবে বলে আশা করছি।
পক্ষান্তরে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ বলেন, সামাজিক, অর্থনৈতিক, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ যে ব্যাপক উন্নতি করেছে, তা আরও এগিয়ে নিতে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে থাকতে চায়।
তিনি আরও বলেন, ভারত মহাসাগরীয় দুই দেশের অভিন্ন স্বার্থরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।
মতামত দিন