হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে অস্ট্রেলিয়ার একাদশে বড় পরিবর্তনের আভাস
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের পরাজয়ের ধাক্কা সামলে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের সেই হারের পর দ্বিতীয় টেস্টের একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। ম্যাকাইয়ে অনুষ্ঠেয় পরের ম্যাচেও হারলে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে স্বাগতিকদের।
প্রথম টেস্টে ব্যর্থতার পরই অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে পরিবর্তন প্রায় নিশ্চিত হয়ে গেছে। ডারউইনে দুই ইনিংসে ২৩ ও শূন্য রান করা জেক ওয়েদারাল্ডকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজেও এলবিডব্লিউ ও বোল্ড হওয়ার সমস্যায় ভুগেছিলেন এই ব্যাটার। ব্যাটিং টেকনিকে পরিবর্তন এনেও বাংলাদেশের বিপক্ষে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।
ওয়েদারাল্ডের জায়গায় স্কোয়াডে ফিরেছেন ম্যাথু রেনশ। উত্তর কুইন্সল্যান্ডের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ট্র্যাভিস হেডের সঙ্গে ইনিংস উদ্বোধনের ক্ষেত্রে রেনশই এখন সবচেয়ে এগিয়ে বলে ধারণা করা হচ্ছে। ওই মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি সেঞ্চুরি রয়েছে তাঁর। ফলে টেস্ট অভিষেকের জন্য মাঠটি রেনশর জন্য বাড়তি আত্মবিশ্বাসের কারণ হতে পারে।
তবে ওপেনিংয়ের আরেক বিকল্প হিসেবে রয়েছেন জশ ইংলিস। সাধারণত মিডল অর্ডারে ব্যাট করা এই উইকেটকিপার-ব্যাটার ওপেনার হিসেবেও সাফল্যের নজির রেখেছেন। গত নভেম্বরে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে ওপেন করে ৪০ ও অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে অভিজ্ঞতা ও মাঠের সঙ্গে পরিচিতির কারণে রেনশই আপাতত এগিয়ে।
শুধু ওপেনিং নয়, তিন নম্বর পজিশন নিয়েও অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টকে ভাবতে হচ্ছে। ডারউইন টেস্টে ১ ও ৩১ রান করা মার্নাস লাবুশেন স্কোয়াডে থাকলেও তাঁর একাদশে থাকা নিশ্চিত নয়। তাঁকে বাদ দিলে সেই জায়গায় ইংলিসকে খেলানোর সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে অ্যাশেজে ট্র্যাভিস হেডকে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে তুলে আনার সিদ্ধান্তের মতো এবারও অস্ট্রেলিয়া ব্যাটিং অর্ডারে অপ্রচলিত কোনো কৌশল নিতে পারে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতাই মূলত বড় ব্যবধানের হারের অন্যতম কারণ ছিল। তাই দ্বিতীয় টেস্টে একাদশ ও ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্যাট কামিন্সের দল। তবে পরিবর্তিত কম্বিনেশন কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সুযোগ, আর অস্ট্রেলিয়ার সামনে মান বাঁচানোর লড়াই। ফলে ম্যাকাইয়ের দ্বিতীয় টেস্টে দুই দলের জন্যই ম্যাচটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।
মতামত দিন