Views Bangladesh Logo

গিলের অসাধারণ নৈপুণ্যে আটকে গেলেও নকআউটে অস্ট্রেলিয়া

Sports Desk

ক্রীড়া ডেস্ক

কাঙ্ক্ষিত জয় হয়তো মেলেনি, তবে তার চেয়েও বড় পুরস্কার পেয়েছে অস্ট্রেলিয়া—বিশ্বকাপের শেষ ৩২-এর টিকিট। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্র করলেও নকআউট পর্ব নিশ্চিত করেছে সকারুরা।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল অস্ট্রেলিয়ার। ৫৬ শতাংশ সময় বল নিজেদের নিজেদের দখলে রাখা আর প্যারাগুয়ের ৮টি শটের বিপরীতে ১২টি শট নিয়ে ম্যাচজুড়ে ত্রাস ছড়ায় তারা। কিন্তু প্যারাগুয়ের গোলপোস্টের নিচে একাই দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক অরল্যান্ডো গিল। অস্ট্রেলিয়ার অন-টার্গেটের ৫টি শটের প্রতিটিই অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দিয়ে ম্যাচ সেরা বনে যান এই তুখোড় গোলকিপার।

অস্ট্রেলিয়ার আক্রমণভাগের নেস্টরি ইরানকুন্ডা, ক্রিস্টিয়ান ভলপাটো এবং কনর মেটকাফেরা পুরো ম্যাচ জুড়েই প্যারাগুয়ে ডিফেন্সের কঠিন পরীক্ষা নেন। মাঝমাঠ থেকে জ্যাকসন আরভিন ও এইডেন ও'নিল একের পর এক বলের জোগান দিলেও ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের অভাব এবং গিলের অসাধারণ নৈপুণ্যে গোল আসেনি।

অন্যদিকে প্যারাগুয়েও ছেড়ে কথা বলেনি। গুস্তাভো গোমেজের নেতৃত্বে রক্ষণভাগ আগলে রেখে কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার ভীতি ছড়ায় তারা। তবে অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচও দুটি দারুণ সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন। চোট ও ফাউলের কারণে ম্যাচটি কিছুটা শারীরিক শক্তিনির্ভর হয়ে উঠলেও শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি।

ম্যাচ শেষে কাঙ্ক্ষিত গোল না পাওয়ার হতাশা থাকলেও শেষ বাঁশি বাজার সাথে সাথেই স্বস্তি ফেরে অস্ট্রেলিয়া শিবিরে। এই ১ পয়েন্টই তাদের শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল। লক্ষ্য পূরণ শেষে এবার পরবর্তী কঠিন লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করছে সকারুরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ