এবার শায়খ আহমাদুল্লাহর ভিসাও বাতিল করল অস্ট্রেলিয়া
জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারির পর এবার বাংলাদেশের আরেক বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসাও বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।
স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। এর ফলে অস্ট্রেলিয়াজুড়ে তার নির্ধারিত বক্তৃতা সফর স্থগিত হয়ে গেছে।
এর আগে ইহুদিবিদ্বেষী ও উগ্র বক্তব্যের অভিযোগে মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করে তাকে দেশ ছাড়তে বাধ্য করে অস্ট্রেলিয়া। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই শায়খ আহমাদুল্লাহর বিরুদ্ধেও একই ধরনের কঠোর পদক্ষেপ নিলো দেশটি।
খবরে বলা হয়েছে, সিডনি বিমানবন্দর দিয়ে দেশত্যাগের প্রস্তুতির সময় আনুষ্ঠানিকভাবে তার ভিসা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। ফলে নির্ধারিত সব কর্মসূচি বাতিল হয়ে যায়।
অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট বিষয়টি নিশ্চিত করে বলেন, ইহুদিবিদ্বেষী কিংবা ইসলামবিদ্বেষী বক্তব্যের ক্ষেত্রে তাদের সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতি রয়েছে। এ ধরনের বক্তব্য প্রদানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সরকারের হাতে রয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, অতীতে শায়খ আহমাদুল্লাহর কিছু বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রতিবেদনে দাবি করা হয়, তিনি ইহুদিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন এবং বৈশ্বিক অস্থিরতার জন্য তাদের দায়ী করেছিলেন।
‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিতে সম্প্রতি তিনি অস্ট্রেলিয়া সফরে যান। সফরের অংশ হিসেবে মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থে ধারাবাহিক কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।
তবে ভিসা বাতিলের সিদ্ধান্তের কারণে নির্ধারিত এসব কর্মসূচি আর অনুষ্ঠিত হচ্ছে না। এর আগে একই সফরসূচিতে থাকা মিজানুর রহমান আজহারির ভিসাও বাতিল করেছিল অস্ট্রেলিয়া সরকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে