Views Bangladesh Logo

বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে ফিরলেন হেজলউড ও লায়ন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। পেস আক্রমণে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে স্কট বোল্যান্ডকে বসিয়ে প্রবীণ পেসার জশ হেজলউডকে নিয়েছে অজি টিম ম্যানেজমেন্ট। ফলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হেজলউডের অভিজ্ঞ পেস ত্রয়ীকে আবারও একই সাথে মাঠে দেখা যাবে।

দীর্ঘ আট মাসের বিরতি কাটিয়ে আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে কামিন্স বাহিনী। ম্যাচের আগের দিন একাদশ নিশ্চিত করে অজি অধিনায়ক জানান, বোল্যান্ড একাদশ থেকে বাদ পড়লেও ভবিষ্যতে সুযোগ পাবেন। অন্যদিকে অ্যাশেজ সিরিজের শেষ দিকে হ্যামস্ট্রিং চোটের কারণে বাইরে থাকা অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়নও প্রথম টেস্টের একাদশে ফিরেছেন। সেই সঙ্গে বোলিং গভীরতা বাড়াতে ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার—দুই পেস-অলরাউন্ডারকেই একাদশে রেখে ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে অস্ট্রেলিয়া।

গত গ্রীষ্মে নিয়মিত বোলারদের অনুপস্থিতিতে অ্যাশেজের পাঁচ টেস্টেই বল হাতে মূল ভূমিকা রেখেছিলেন স্কট বোল্যান্ড। আসন্ন ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে সম্ভাব্য ২১টি টেস্ট ম্যাচ খেলার পরিকল্পনা থাকায় ৩৬ বছর বয়সী এই পেসারকে দলের গুরুত্বপূর্ণ অংশ বলেই বিবেচনা করছেন টিম ম্যানেজমেন্ট।

সিরিজের প্রথম টেস্টটি ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনের মাররারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ার চূড়ান্ত একাদশ: জেক ওয়েদারল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হেজলউড।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ