এলডিসি উত্তরণের পরও বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে অস্ট্রেলিয়া
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির পণ্যের জন্য নিজেদের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার বহাল রাখার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
সোমবার (২৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অন্যদিকে অস্ট্রেলিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।
বৈঠকে দুই দেশের বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। পণ্য ও সেবা বাণিজ্য, কৃষিপণ্যের বাজারে প্রবেশাধিকার, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, সরাসরি বিমান যোগাযোগ এবং বেসরকারি খাতের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের পরিধি বাড়ানোর লক্ষ্যে তৈরি পোশাক ও বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতে দেশের উৎপাদন সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ। এসব খাতের বিষয়ে অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও আমদানিকারকদের আরও পরিচিত করার পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
কৃষিপণ্য বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের তাজা আম অস্ট্রেলিয়ায় রপ্তানির অনুমোদন এবং অস্ট্রেলিয়া থেকে হিমায়িত গরুর মাংস আমদানির বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। বাংলাদেশের পক্ষ থেকে আম রপ্তানির অনুমোদনসংক্রান্ত কারিগরি মূল্যায়ন দ্রুত শেষ করতে এবং দুই দেশের নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানানো হয়।
এ ছাড়া আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) অন্তর্ভুক্তির বিষয়েও অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের সম্ভাবনা তুলে ধরা হয়। এসব খাতে বিনিয়োগের সুযোগের পাশাপাশি সরকারের দেওয়া প্রণোদনার বিষয়েও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলকে অবহিত করা হয়।
দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানো, নির্দিষ্ট পণ্য ও সোর্সিং নিয়ে সেমিনার আয়োজন, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং সরাসরি ব্যবসায়িক যোগাযোগ প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর টিফা স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠককে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল ও বহুমুখী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বাণিজ্য মন্ত্রণালয়।
মতামত দিন