Views Bangladesh Logo

রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

সোমবার (৩ আগস্ট) জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের পর ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেওয়া এবং বাস্তুচ্যুত মানুষের পাশে থাকা অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের মানবিক অঙ্গীকারের অংশ হিসেবেই এই নতুন অর্থায়ন করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দেশটি।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, নতুন এই সহায়তা মিয়ানমার ও বাংলাদেশে চলমান মানবিক সংকট মোকাবিলায় ঘোষিত তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তা প্যাকেজের অংশ। এছাড়া ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ১ দশমিক ২৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে।

নতুন অর্থায়নের মাধ্যমে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আশ্রয়, জীবিকা এবং অন্যান্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসা স্থানীয় জনগোষ্ঠীর জন্যও বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ