বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল ঘোষণা অস্ট্রেলিয়ার
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। দীর্ঘদিনের চোট কাটিয়ে এই সিরিজের মাধ্যমে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড ও অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়ন।
পিঠের চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন কামিন্স। তার ফেরায় অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে না। একই সঙ্গে হ্যাজলউড ও লায়নের প্রত্যাবর্তনে স্বাগতিকদের বোলিং আক্রমণ আরও অভিজ্ঞ ও শক্তিশালী হয়েছে।
বাংলাদেশ সিরিজের মূল দলে জায়গা হয়নি পেসার মাইকেল নেসারের। তবে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন তিনি।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্য থাকবে দুই দলেরই। ঘরের মাঠে সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। অন্যদিকে বিদেশের মাটিতে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে খেলবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের টেস্ট দল
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জ্যাক ওয়েদারল্ড, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ ইংলিস (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।
মতামত দিন