৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস: সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ঘোষণা
৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করতে বলা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করতে হবে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি শিক্ষা খাতের সব প্রতিষ্ঠানে দিবস দুটি পালনের জন্য পৃথক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, একই ধরনের কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট, ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মতামত দিন