Views Bangladesh Logo

দিবসের তালিকায় ৫ আগস্ট ও ১৬ জুলাই থাকল, নেই ৭ মার্চ

অন্তর্বর্তী সরকার যে জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা তৈরি করেছিল, তা বহাল রেখেছে বিএনপি সরকার। তবে কিছু ছোটখাট পরিবর্তন আনা হয়েছে।

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালনে নতুন পরিপত্রে মোট ৮৯টি দিবস রাখা হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণিতে ১৭টি, ‘খ’ শ্রেণিতে ৩৭টি, এবং ‘গ’ শ্রেণিতে ৩৫টি দিবস রয়েছে।

‘ক’ শ্রেণির তালিকায় ৫ অগাস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘খ’ শ্রেণিতে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে অন্তর্বর্তী সরকার যে আটটি জাতীয় দিবস বাতিল করেছিল সেগুলো ফেরানো হয়নি।

২০২৪ সালের ১৬ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই আট দিবস বাতিলের সিদ্ধান্ত দিয়েছিল। এতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ কামাল দিবস, ৮ আগস্ট বঙ্গমাতা দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, ৭ মার্চ জাতীয় দিবস, ৪ নভেম্বর সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস অন্তর্ভুক্ত ছিল।

পরিপত্র অনুযায়ী, ‘ক’ শ্রেণির দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে হবে। ‘খ’ শ্রেণির কিছু দিবস সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য পালনযোগ্য এবং সরকারি উৎস থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া যেতে পারে।

‘গ’ শ্রেণির দিবসগুলো সীমিত পরিসরে পালিত হবে, কোনো সরকারি বরাদ্দ থাকবে না।

এছাড়া একই তারিখে সমমুখী জাতীয় ও আন্তর্জাতিক দিবস একত্রে পালন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন এই পরিপত্রে গত বছরের ১৪ আগস্ট জারি করা আগের পরিপত্র বাতিল করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ