অডিটের মূল টাকা পরিশোধ করল বাংলালিংক
আপত্তির মূল টাকা (প্রিন্সিপাল অ্যামাউন্ট) পরিশোধ করেছে বাংলালিংক। রোববার (১৯ নভেম্বর) বিটিআরসিতে গিয়ে অডিট আপত্তির মূল টাকা ১৬৫ কোটি ৭৪ লাখ টাকার পুরোটা জমা দেয় অপারেটরটি। এ ছাড়া টুজি রিনিউয়ালের ক্লেইমের আরও একটি কিস্তি অপারেটরটি পরিশোধ করেছে। এখানে এখন পর্যন্ত ১০৮ কোটি ৪০ লাখ টাকা দিল তারা। এর আগে মূল টাকা পরিশোধে বাংলালিংককে ১০ দিনের সময় দিয়েছিল বিটিআরসি। এর মধ্যে টাকা পরিশোধ না করলে ব্যান্ডউইথ ক্যাপিংসহ আইন অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নেয়ার কথা ভেবেছিল নিয়ন্ত্রণ সংস্থা।
বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান জানান, 'আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি প্রতিষ্ঠান হিসাবে বাংলালিংক সবসময় নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশনা মেনে চলে। সম্প্রতি বিটিআরসি বাংলালিংক-কে এর অডিট রিপোর্ট অনুসারে মূল অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে। অডিট ফলাফলের বিষয়ে আমাদের আপত্তি থাকলেও আমরা নির্দেশনা অনুযায়ী ১৬৫ কোটি টাকা জমা দিয়েছি। বাংলালিংক সবসময় অডিটের অর্থ পরিশোধের বিষয়টি সম্মিলিতভাবে সমাধান করার ইচ্ছা প্রকাশ করে আসছে। আজকের এই অর্থ পরিশোধের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য আমরা আশাবাদী।'
'বিটিআরসির কমিশনার (অর্থ, হিসাব ও রাজস্ব) ড. মুসফিক মান্নান চৌধুরী বলেন, রাষ্ট্রের পাওনা আদায় হয়েছে। বাংলালিংক অডিট ক্লেইমের মূল টাকা পরিশোধ করেছে। এই টাকা রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগবে।আমরা বলেছিলাম মূল টাকা দেওয়ার পর লেট ফি নিয়ে আলোচনার দরজা খোলা রাখবো। এখন সে আলোচনার সুযোগ তৈরি হল', বলেন তিনি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, 'রাষ্ট্রের পাওনা পরিশোধ করতে হবে। এটাই হতে হবে। কারণ এটা জনগণের টাকা। বাংলালিংককে এই টাকা পরিশোধ করতেই হতো। একই সঙ্গে এটাও যুক্তিসঙ্গত যে তাদের যে লেট ফি রয়েছে সেটি সময়মতো চাওয়াই হয়নি। যার কাছে টাকা পাবো তাকে বলাই হয়নি যে, আমি টাকা পাবো। অতএব এর পেছনে যুক্তি আছে, আমরা বিষয়টি বিবেচনা করবো', বলেন মন্ত্রী। মোস্তাফা জব্বার বলেন, 'এখন আলোচনার সুযোগ তৈরি হলো। বাংলালিংক এখন লেট ফি নিয়ে তাদের যুক্তিগুলো যুক্তিসঙ্গতভাবে তুলে ধরবে। আমরাও সেটি যুক্তিসঙ্গতভাবে বিবেচনা করবো।'
বাংলালিংকের কাছে অডিট আপত্তিতে মোট পাওনা দাবি ৮২৩ কোটি পাঁচ লাখ ছয় হাজার ১৫৫ টাকা। এর মধ্যে বিটিআরসির পাওনা ৮১১ কোটি ৩১ লাখ ৫৬ হাজার ১৭৩ টাকা। যেখানে এখন সবমিলে মূল পাওনা দাঁড়িয়েছে ৩৯০ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে অডিট ক্লেইমের মূল ১৬৫ কোটি ৭৪ লাখ টাকা। টু-জি ক্লেইম ২২৫ কোটি ২৫ লাখ টাকা রয়েছে, যা কিস্তিতে পরিশোধ করে চলেছে অপারেটরটি। আর এর বাইরে ৪৩০ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ২১ টাকা হলো লেট ফি ও ইন্টারেস্ট, যা নিয়ে এখন আলোচনা চলবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে