শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, দাফন বনানী কবরস্থানে
দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক আতাউর রহমানকে বনানী কবরস্থানে দাফন করা হবে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য।
অভিনয় শিল্পী সংঘের তথ্যানুযায়ী, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আতাউর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এর আগে বাদ জোহর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেড সংলগ্ন তাঁর নিজ বাসভবন প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এই তথ্য নিশ্চিত করে জানান যে, দাফনের আগে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সোমবার রাত ১২টার দিকে দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করা আতাউর রহমান ছিলেন স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। দীর্ঘ কয়েক দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অভিনেতা, নাট্যকার ও নির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিল্প ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে রাষ্ট্রের সর্বোচ্চ দুই বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করে।
মতামত দিন