এটিইউ ও সিটিটিসির নাম বদলে হচ্ছে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’
উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে কাজ করা পুলিশের বিশেষায়িত দুই ইউনিট—অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুটি ইউনিটকে পুনর্গঠন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ (এসএসইউ) নামে কার্যক্রম পরিচালনার প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ৭ জুন এটিইউর নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর পরদিন ৮ জুন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)’ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি এএইচএম শাহাদাত হোসেন বলেন, ইউনিটগুলোর কার্যকারিতা আরও শক্তিশালী করতে এই সাংগঠনিক পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিদ্যমান নিরাপত্তা–সংক্রান্ত দায়িত্বও বহাল থাকবে।
পুলিশের প্রস্তাবে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেটের ব্যাপক বিস্তার এবং তথ্যপ্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে নিরাপত্তা ঝুঁকির ধরন বদলে গেছে। জঙ্গি ও উগ্রবাদী গোষ্ঠীগুলো এখন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থায়ন, সদস্য সংগ্রহ, গুজব ছড়ানো এবং ‘স্লিপার সেল’ গঠনের মতো কার্যক্রম পরিচালনা করছে। এসব নতুন ধরনের হুমকি মোকাবিলায় আধুনিক কাঠামোর একটি বিশেষায়িত নিরাপত্তা ইউনিট প্রয়োজন।
প্রস্তাব অনুযায়ী, নতুন ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ শুধু জঙ্গিবাদ দমন নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জাতীয় স্থিতিশীলতা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও বিস্তৃত ভূমিকা পালন করবে। এছাড়া আন্তর্জাতিকভাবে পরিচিত এই নাম ব্যবহারের ফলে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও সহজ হবে বলেও উল্লেখ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। তবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।
মতামত দিন