Views Bangladesh Logo

রাষ্ট্রের ক্ষতির অভিযোগে অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে করা রিটের ফাইল হাইকোর্টে না নিয়ে রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) তার অফিস সহায়ককে পুলিশে দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে অ্যাটর্নি জেনারেল অফিস সহায়ক মো. ইমরান হোসেনকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় ওই অফিস সহায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, এনটিআরসিএ’র প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগ সংক্রান্ত রিটের ফাইল আদালতে সরবরাহ না করায় দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সরকারি বক্তব্য উপস্থাপন করতে পারেননি। এতে আদালতে দায়িত্ব পালনকারী আইন কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, রিট আবেদনটি জনগুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট। বিষয়টি জানতে পেরে অ্যাটর্নি জেনারেল প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দেন। অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে অভিযোগকারী পক্ষের ধারণা হয়, অভিযুক্ত ইমরান হোসেন উদ্দেশ্যমূলকভাবে ফাইল আদালতে না নিয়ে রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করেছেন এবং কোনো প্রলোভনে পড়ে এ কাজ করেছেন।

মামলায় আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি কোনো সংঘবদ্ধ দলের সদস্য হতে পারেন যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে পারে। অভিযোগে তার কর্মকাণ্ডকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ পরিপন্থি ও গুরুতর অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে নিশ্চিত করার দাবিও মামলায় উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ