Views Bangladesh Logo

ধর্মকে পুঁজি করে বিভক্তির চেষ্টা প্রতিহত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

ধর্মকে ব্যবহার করে দেশে অশান্তি ও বিভাজন সৃষ্টির চেষ্টা যারা করবে, তাদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ধর্মকে পুঁজি করে সস্তা রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে বিভক্ত করার চেষ্টা হলে সম্মিলিতভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর শহরের টাউন হল ময়দানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কেউ কেউ ধর্মকে ব্যবহার করে অশান্তি সৃষ্টি করতে এবং সমাজে বিভাজনের রেখা টানতে চায়। আবার কেউ ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। এভাবে ধর্মকে রাজনীতির মাঠে ব্যবহার করে বাংলাদেশকে বিভক্ত করার সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, যে রাজনৈতিক দলেরই নেতা হোক বা যে ধর্মেরই অনুসারী হোক, ধর্মকে পুঁজি করে সস্তা রাজনীতির মাধ্যমে দেশকে বিভক্ত করতে এবং অশান্তি সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি সমাজও তাদের বয়কট করবে।

ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ বঞ্চিত হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ধর্ম মানুষের বিশ্বাস ও চেতনার বিষয়। বর্তমান সরকার নিশ্চিত করছে, ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে সমাজের কোনো মানুষ পিছিয়ে থাকবে না। একই সঙ্গে কোনো ব্যক্তি যেন ধর্মীয় পরিচয়ের কারণে অতিরিক্ত সুবিধা নিতে না পারে বা বঞ্চিত না হয়, সেটিও নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর যে প্রত্যাশা নিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে, সমাজে এই বিশ্বাস ও পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে পারলে সেই প্রত্যাশা অবশ্যই পূরণ হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ