Views Bangladesh Logo

শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, সালিশে জামায়াত কর্মীকে বেত্রাঘাত ও জরিমানা

নোয়াখালীর হাতিয়ায় ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে হেলাল উদ্দিন নামে এক জামায়াত কর্মীকে গ্রাম্য সালিশে ৫০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার হরনী ইউনিয়নের ৪ নম্বর আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হেলাল উদ্দিন পেশায় পল্লী চিকিৎসক। স্থানীয়দের দাবি, তিনি জামায়াতের কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন।

স্থানীয় সূত্র জানায়, শিশুটি ছোট বোনকে নিয়ে দোকান থেকে মসলা কিনে ফেরার পথে হেলাল উদ্দিন তাকে দোকানে ডাকেন। পরে ছোট বোনকে বাইরে রেখে শিশুটিকে দোকানের পেছনে নিয়ে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার চেষ্টা করেন বলে অভিযোগ। শিশুটি চিৎকার করে বেরিয়ে এলে বিষয়টি জানাজানি হয় এবং পরে স্থানীয়ভাবে সালিশ বসে।

সালিশে উপস্থিত ব্যক্তিরা জানান, ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হয়নি। তবে শিশুকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার অভিযোগের ভিত্তিতে উপস্থিত ব্যক্তিদের সম্মতিতে অভিযুক্তকে ৫০ বেত্রাঘাত এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন বলেন, তিনি এ ধরনের কোনো কাজ করেননি এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানহানি করা হচ্ছে।

হরনী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ তারিফুল মাওলা দাবি করেন, হেলাল উদ্দিন জামায়াতের কোনো সদস্য বা কর্মী নন। তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে বিভিন্ন জামায়াতের কর্মসূচিতে উপস্থিত থাকলেও তাকে দলের সদস্য করা হয়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ