Views Bangladesh Logo

চট্টগ্রামে চিন্ময়ের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

ব্যবসায়ী এনামুল হক রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে এ মামলা করেন।

মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

বাদী এনামুল হক বলেন, ‘‘২৬ নভেম্বর ব্যক্তিগত কাজে আমি আদালত প্রাঙ্গণে গিয়েছিলাম। সে সময় ইসকনের অনুসারী এবং চিন্ময়ের অনুসারীদের পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইসকনের অনুসারীরা আমাকে ‘মোল্লা মোল্লা' বলে সম্বোধন করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে চিন্ময়কে প্রধান আসামি করা হয়েছে।’’

এনামুল হক জানান, হাসপাতালে চিকিৎসার জন্য সময়ক্ষেপণের কারণে মামলা করতে দেরি হয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম বলেন, আদালত আবেদন শুনে মামলাটি গ্রহণ করেছেন এবং আদেশের জন্য মামলাটি অপেক্ষমাণ রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ