চাঁদা না পেয়ে ব্যবসায়ীর গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, আহত ৩
লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর শরীরে ও ব্যবসাপ্রতিষ্ঠানে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা এবং মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার বিকেল পর্যন্ত এ ঘটনায় অভিযুক্ত তিনজনের কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী-সংলগ্ন কালীবাজার রোডে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন দেলোয়ার হোসেন এবং তাঁর দুই ভাই শাকিল ও মুন্না। ব্যবসায়ীদের অভিযোগ, দেলোয়ার এর আগে কালীবাজার এলাকার কয়েকজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছিলেন। এর মধ্যে সেলুন ব্যবসায়ী জগদীশ ও মোবাইল সার্ভিস ব্যবসায়ী কৃষ্ণপালের কাছে প্রতিদিন ৫০০ টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেলোয়ার, শাকিল ও মুন্না কৃষ্ণপালকে মারধর করেন এবং তাঁর দোকানে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। বাধা দিতে গেলে পাশের দোকানের ব্যবসায়ী শাহেদ আলম ও কর্মচারী সোহাগকেও মারধর করা হয়। পরে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে তাদের ওপরও দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে। এতে শাহেদ আলম, সোহাগ ও রাকিব আহত হন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুর রহমান বলেন, চাঁদা না পেয়ে দোকানে পেট্রল ছিটানো এবং একজনের মাথায় পেট্রল ঢেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এটি জীবন বিধ্বংসী কাজ। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনার পর কালীবাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মতামত দিন