Views Bangladesh Logo

বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠাল বিজিবি

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি জানতে পেরে দুই নারী ও এক পুরুষকে আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বাকি ছয়জনের সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর সীমান্তে ২৯১/২০ এস সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, খিয়ারমামুদপুর গ্রামের বাসিন্দা ফেরদৌস আলীর বাড়িতে বৃহস্পতিবার রাতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সুযোগে সীমান্ত দিয়ে ভারত থেকে নয়জন নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করেন। তাদের মধ্যে দুই নারী ও এক পুরুষ খিয়ারমামুদপুরের একটি বিয়েবাড়িতে ঢুকে পড়েন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বিজিবিকে খবর দেন।

পরে বিজিবি সদস্যরা খিয়ারমামুদপুর গ্রামের মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করেন। এ সময় মিজানুর রহমান বাড়ি থেকে পালিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশে প্রবেশ করা লোকজনকে আশ্রয় দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিজুল ইসলাম নামের এক যুবককে বিজিবির এক সদস্য মারধর করেন। তবে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়রা জানান।

স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী বলেন, ভারত থেকে আসা নয়জনের মধ্যে ছয়জনকে খিয়ারমামুদপুর গ্রামের আজিজুল ইসলাম ও মিজানুর রহমানের সহযোগিতায় পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। পরে মিজানুরের বাড়ি থেকে তিনজনকে আটক করে বিজিবি।

জয়পুরহাট ব্যাটালিয়নের (বিজিবি-২০) আওতাধীন ভাইগড় বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, বিএসএফ দুই নারী ও একজন পুরুষকে বাংলাদেশে নিয়ে আসছিল। বিজিবি তাদের আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ফেরত পাঠানো ওই তিনজন সীমান্তের ২৯১/২০ এস সীমানা পিলার থেকে প্রায় ৫০০ গজ দূরে ভারতের শ্রীরামপুর গ্রামের একটি বাড়িতে অবস্থান করছেন।

এর আগে গত ২৫ জুলাই ভোরেও একই সীমান্ত দিয়ে নয়জন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ। তারা ভারতের গুজরাটের আমেনাবাদ এলাকা থেকে এসেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ