বইমেলায়ে স্টল ঘেরাও: দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
অমর একুশে বইমেলায়ে একটি স্টল ঘেরাও করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
ড. ইউনূস বলেন, এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশে নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতিই অবজ্ঞা প্রদর্শন করে।
সোমবার (১০ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে এসব কথা জানান প্রধান উপদেষ্টা।
অধ্যাপক ইউনূস বলেন, একুশে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এদেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষের মিলনস্থল। বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ন করে এবং ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে।
তিনি আরও বলেন, মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
এর আগে একইদিন সকালে বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের লেখা বই রাখাকে কেন্দ্র করে সাব্যসাচী প্রকাশনীর স্টল ঘেরাও করে এক দল উত্তেজিত মানুষ। পরে ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় এক ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘যদি আপনি আন্দোলনের পক্ষে থাকেন, তবে জনতা সহিংসতা বন্ধ করুন এবং যদি আপনি এটি বন্ধ না করেন তাহলে আপনাদের শয়তান হিসেবে গণ্য করা হবে।‘
মাহফুজ আলম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে সহিংসতা কঠোর হাতে মোকাবিলা করবে।‘
তিনি আরও বলেন, ‘আজকের ঘটনায় আর কোনো অনুরোধ করা হবে না। আইন নিজের হাতে তুলে নেয়া আপনার কাজ নয়।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে