Views Bangladesh Logo

কুষ্টিয়ায় মাজারের খাদেমের ওপর হামলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় হজরত শাহ রউফ (রহ.)-এর মাজারের খাদেম কামাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার বোন রিতা খাতুনও হামলায় আহত হন।

শনিবার (৯ মে) বিকেলে উপজেলার মথুরাপুর বড় বাজার এলাকার দর্গাতলা গ্রামে অবস্থিত মাজারের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত কামাল হোসেন (৪০) ও রিতা খাতুন (৩৫) স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ওরসকে কেন্দ্র করে মাজার এলাকায় প্রস্তুতিমূলক কাজ চলছিল। ওই সময় মাজারের ভেতরে রঙের কাজ করছিলেন খাদেম কামাল হোসেন। এ সময় একই বংশের কয়েকজন ব্যক্তি সেখানে এসে তার ওপর হামলা চালায়। হামলা ঠেকাতে গেলে তার বোন রিতা খাতুনও মারধরের শিকার হন।

হামলার পর আহত কামাল হোসেন পরে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে কী কারণে এ হামলা হয়েছে, তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি বলে জানিয়েছেন।

এদিকে নবগঠিত মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় জড়িতরা খাদেমের পরিচিত লোকজন।

কমিটির সভাপতি আবুল হাসেম বলেন, মাজারে খাদেম নিয়োগের বিষয়টি নিয়ে কিছু জটিলতা ছিল এবং ঘটনাটি সে প্রেক্ষাপটেই ঘটেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত মাসেও দৌলতপুরে একটি পীরের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেই ঘটনার পর আবারও একই ধরনের হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ