শিক্ষার্থীদের ওপর হামলা: আটক জাবি শিক্ষককে পুলিশে সোপর্দ
গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় সহায়তার অভিযোগে বিশ্ববিদ্যালয়টির (জবি) দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
জানা গেছে, পুলিশের কাছে হস্তান্তর করার আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জবি ক্যাম্পাসে আসেন অধ্যাপক ফরিদ আহমদ। এই সময় তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যান শিক্ষার্থীরা।
এই বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, শিক্ষার্থীরা অধ্যাপক ফরিদ আহমদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আটক করে আমাদের কাছে সোপর্দ করে দিয়ে যায়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ওপর হামলার ঘটনায়। তিনি এখন আমাদের হেফাজতে আছেন। আশুলিয়া থানা যদি তাকে গ্রেপ্তার দেখায় তাও করতে পারে। তাছাড়া আমরাও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তার বিরুদ্ধে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
এ প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী তাওহিদ ইসলাম বলেন, আজ সকালে আমাদের বিশ্ববিদ্যালয়ে ওই শিক্ষক আসলে আমরা তাকে চিনতে পারি। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় সহযোগিতা করায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটা মামলা আছে। আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে