নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ছাত্রদলের শীর্ষ ৮ নেতাসহ ১১৫ জনের নামে মামলা
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা ছাত্রদলের শীর্ষ ৮ নেতাসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন এবং সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ মোট ৮ জন।
মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার জুমার নামাজের পর এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলের নেতাকর্মীরা শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হচ্ছিলেন। এ সময় হামলাকারীরা অতর্কিতভাবে তাদের ওপর চড়াও হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ বেশ কয়েকজনকে গুরুতর আহত করে।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হামলার সুযোগে আসামিরা একটি সনি আলফা এ৬৪০০ ডিএসএলআর ক্যামেরা, ট্যামরন লেন্স, মেমোরি কার্ডসহ বেশ কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ছিনতাই হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। যাওয়ার সময় হামলাকারীরা এনসিপি নেতাকর্মীদের প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এনসিপি নেতাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে