Views Bangladesh Logo

সিরাজগঞ্জে এমপি আয়নুলের গাড়িতে হামলা-ভাঙচুর, অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সংসদ সদস্য আয়নুল হক এ ঘটনার জন্য জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে জামায়াতে ইসলামী অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে বিএনপির অভ্যন্তরীণ বিরোধের ফল বলে দাবি করেছে। এনসিপির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম জানান, ধানগড়া এলাকায় সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) ভবন নির্মাণের স্থান নিয়ে বেশ কিছুদিন ধরে ধানগড়া ও চান্দাইকোনা এলাকার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছে।

সম্প্রতি টিটিসি ভবন নির্মাণসংক্রান্ত একটি সরকারি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই চিঠিতে টিটিসি চান্দাইকোনা এলাকায় স্থাপনের কথা বলা হয়েছে বলে স্থানীয়রা জানান।

এরপর দুই এলাকার বাসিন্দারাই নিজ নিজ এলাকায় টিটিসি স্থাপনের দাবিতে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন।

ধানগড়া এলাকার বাসিন্দাদের যুক্তি, রায়গঞ্জের প্রায় সব সরকারি কার্যালয় ধানগড়া এলাকায় অবস্থিত। ফলে প্রশাসনিক ও যোগাযোগ সুবিধার কথা বিবেচনা করে টিটিসি সেখানেই নির্মাণ করা উচিত।

অন্যদিকে চান্দাইকোনা এলাকার বাসিন্দাদের দাবি, সরকারি অধিকাংশ প্রতিষ্ঠান ধানগড়ায় থাকায় টিটিসি চান্দাইকোনায় হলে এলাকার ভারসাম্যপূর্ণ উন্নয়ন হবে।

এই বিরোধের মধ্যেই শনিবার বিকেলে টিটিসি ভবন নির্মাণের স্থান নিয়ে ধানগড়া এলাকায় একটি বৈঠকে অংশ নেন সংসদ সদস্য আয়নুল হক। বৈঠকের একপর্যায়ে পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও হট্টগোল শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় পেছন থেকে তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে গাড়িটির পেছনের কাচ ভেঙে যায়।

ঘটনার পর আয়নুল হক একটি ভিডিও বার্তায় বলেন, টিটিসি ভবন স্থাপনের বিষয়ে আলোচনা চলাকালে জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি থেকে হট্টগোল শুরু হয়। সেখান থেকে চলে আসার সময় হট্টগোলকারীরা তার গাড়িতে হামলা করেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত স্থানেই টিটিসি ভবন নির্মাণ করা হবে বলে জানান সংসদ সদস্য।

তবে সংসদ সদস্যের অভিযোগ অস্বীকার করেছে জামায়াতে ইসলামী।

রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম মর্তুজা বলেন, কোনো হামলার ঘটনাই ঘটেনি। এমপি সাহেব একটা সিন ক্রিয়েট করেছেন। গাড়ির কাচ কীভাবে ভাঙল, সেটা তারাই বলতে পারবেন।

তিনি দাবি করেন, টিটিসি স্থাপনের জন্য অনেক আগেই রায়গঞ্জ পৌরসভার কাছে দেড় একর জায়গা নির্ধারণ করা হয়েছিল। বরাদ্দ আসার পর সংসদ সদস্য আয়নুল হক সেটি চান্দাইকোনায় নিতে চাইছিলেন। এ নিয়ে ধানগড়ার বিএনপির নেতাকর্মীরাও অসন্তুষ্ট ছিলেন বলে দাবি করেন তিনি।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে ঘটনায় এনসিপির সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে দলটির নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ধানগড়া ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ