Views Bangladesh Logo

নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। হামলার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন দলটির নেতারা।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে আজমিরীগঞ্জে পদযাত্রা শেষে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়।

এনসিপির নেতাকর্মীদের দাবি, পুলিশের উপস্থিতিতেই হামলা চালানো হয়। একপর্যায়ে এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে ঢুকে গাড়ি ভাঙচুর করে এবং সাংবাদিকদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয়।

ঘটনার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল নেতাকর্মী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত হামলা চালায়।

তিনি দাবি করেন, ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ভূমিকা নেয়নি। হামলায় সারজিস আলম, মিডিয়া টিমের সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জেলা সার্কিট হাউসের ভেতরে ঢুকে মিডিয়া টিমের গাড়ি ভাঙচুর ও সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার ঘটনা রাজনৈতিক সহিংসতার উদ্বেগজনক দৃষ্টান্ত। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতও অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের আহত করেছেন।

তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ