বগুড়ায় চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
বগুড়ার শেরপুর উপজেলায় যুবদল নেতা তরিকুল ইসলাম সম্রাটের বিরুদ্ধে চাঁদ না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এছাড়া অভিযোগ রয়েছে, চাঁদা না পেলে প্রতিষ্ঠানের জায়গা দখল এবং শেরপুরে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেন যুবদলের এই নেতা।
অভিযোগের শেষ এখানেই নয়। সেই ব্যবসা প্রতিষ্ঠানে যুবদল নেতার অনুসারীরা হামলা চালিয়ে ভাঙচুরও করেছেন। পাশাপাশি তারা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যান বলে অভিযোগ।
ঘটনাটি শেরপুর পৌরসভার ফলপট্টি এলাকার মেসার্স সায়েম ট্রেডার্স ও সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কার্যালয়ের।
গত ১০ সেপ্টেম্বর ওই প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে গত ৮ সেপ্টেম্বর চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এসব ঘটনায় ১০ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করেন ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল্লাহ আল রাফাত। পরবর্তী গতকাল শুক্রবার থানা পুলিশ এই অভিযোগকে মামলা হিসেবে নথিভুক্ত করে।
মামলায় শেরপুরের পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাটকে প্রধান আসামি করে মোট ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। সেইসাথে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে অভিযুক্ত করা হয়।
আব্দুল্লাহ আল রাফাত জানান, চাঁদা দাবি ও হামলার ঘটনায় তারা আতঙ্কিত। চাঁদা না দেওয়ায় তার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধান অভিযুক্ত যুবদল নেতা তরিকুল ইসলাম সম্রাটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে শেরপুর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন ভিউজ বাংলাদেশকে বলেন, মামলার পর থেকেই অভিযুক্তরা পলাতক। গতরাতেও আমরা অভিযান চালিয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।
মতামত দিন