Views Bangladesh Logo

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, বাড়ির সামনে গুলি ও ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে মেয়র পদপ্রার্থী ও খোকসা উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে থানার অদূরে নিজ বাড়ির ফটকের সামনে হামলার শিকার হন তিনি। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার হাতুড়ি দিয়ে তাকে গুরুতর আহত করার পাশাপাশি বাড়ির সামনে গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

পরিবার ও স্থানীয়রা জানান, দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি রাজুর পরিচয় নিশ্চিত হওয়ার পর তার ওপর হামলা চালায়। চাপাতি দিয়ে পায়ে কোপ দেওয়া হয় এবং লোহার হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা আতঙ্ক ছড়াতে বাড়ির ফটকের সামনে অন্তত ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।

গুরুতর আহত রাজুকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং ডান হাতের দুটি হাড় ও বাম হাতের তিনটি আঙুল ভেঙে গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাফিজ আহমেদ খান রাজু অভিযোগ করেন, আসন্ন পৌরসভা নির্বাচনে যাতে তিনি প্রার্থী হতে না পারেন, সেই উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, সম্ভাব্য হামলার বিষয়ে আগে থেকেই প্রশাসনকে অবহিত করলেও প্রয়োজনীয় নিরাপত্তা পাননি।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, হামলার পর কিছু সময় পার হয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানিয়েছেন, অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়ে পালিয়ে গেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ