সেই নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
রাজধানীর একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম। কর্মস্থলের পাশের সড়ক দিয়ে প্রতিদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর যাতায়াতের সময় হাতে ধানের শীষ নিয়ে সম্মান জানিয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি। দীর্ঘদিনের সেই নীরব শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নজরে আসে। অবশেষে সেই নিরাপত্তা কর্মী আব্দুস সালামকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে উপহারটি তুলে দেন এবং তাঁর শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন।
জানা গেছে, আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। প্রায় আট মাস ধরে অর্থনৈতিক সংকটের কারণে রাজধানীর পুরাতন রমনা থানার সামনে অবস্থিত একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এর আগে তিনি গাড়িচালক ছিলেন। তবে স্ট্রোক করার পর গাড়ি চালাতে না পারায় এই পেশায় যোগ দেন তিনি।
অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন আব্দুস সালাম। এই সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী সচিবালয়ে যাতায়াতের সময় তিনি বুথের সামনে ধানের শীষ হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে তাঁকে শুভেচ্ছা জানাতেন। একপর্যায়ে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাঁর অতিরিক্ত প্রেস সেক্রেটারিকে আব্দুস সালামের খোঁজখবর নেওয়ার এবং তাঁর কাছে উপহার পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর পাঠানো উপহার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘কখনও কল্পনাও করেননি যে এটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে, আর প্রধানমন্ত্রী তার জন্য উপহার পাঠাবেন।’
তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা-মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকেও ভালোবাসি। তিনি যখন এই পথ দিয়ে যান, আমি প্রতিদিনই প্রধানমন্ত্রীকে সালাম দেই, তিনিও আমাকে গাড়ির ভেতর থেকে হেসে সালামের উত্তর দেন। হাত নেড়ে শুভেচ্ছাও জানান। আজ আমার জীবনের সেরা দিন। সবচেয়ে আনন্দের দিন। প্রধানমন্ত্রী আমার মতো ক্ষুদ্র মানুষকে উপহার পাঠিয়েছেন। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে।’
মতামত দিন