চ্যাম্পিয়নস লিগের দুই পেনাল্টির ম্যাচে আর্সেনাল-আতলেতিকোর ড্র
উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে সমতায় শেষ করেছে আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনাল। বুধবারের (২৯ এপ্রিল) ম্যাচে দুই দলই পেনাল্টি থেকে একটি করে গোল করলে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচের শুরুটা ছিল বেশ সতর্ক ও কৌশলনির্ভর। বল দখলে শুরুতে আতলেতিকো এগিয়ে থাকলেও গোলের দেখা পায় আর্সেনাল। প্রথমার্ধের ৪৪তম মিনিটে সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর জিওকারেসকে বক্সের ভেতরে ফাউল করেন ডেভিড হাঙ্কো। পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন জিওকারেস। গোলরক্ষক ইয়ান ওবলাককে পরাস্ত করে প্রথমার্ধে লিড নিয়েই বিরতিতে যায় গানাররা।
দ্বিতীয়ার্ধে ঘরের মাঠে ঘুরে দাঁড়ায় আতলেতিকো। ৫৬তম মিনিটে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় তারা। মার্কোস ইয়োরেন্তের শট আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটের হাতে লাগলে রেফারি এই সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে দুর্দান্ত শটে গোল করে সমতা ফেরান হুলিয়ান আলভারেজ, যা ঠেকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক ডেভিড রায়া।
এরপর আতোয়ান গ্রিজম্যানের একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। ম্যাচের শেষ দিকে আর্সেনাল আরও একটি পেনাল্টি পেলেও ভিএআর পর্যালোচনার পর তা বাতিল করেন রেফারি। ফলে ১-১ সমতায় শেষ হওয়া এই ম্যাচ দ্বিতীয় লেগের উত্তেজনা আরও বাড়িয়ে দিল।
এদিকে অন্য সেমিফাইনালে প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৫-৪ গোলে এগিয়ে আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আগামী ৩০ মে বুদাপেস্ট শহরে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে