বার্সাকে হারিয়ে এগিয়ে অ্যাটলেটিকো, লিভারপুলকে ২-০ গোলে হারাল পিএসজি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ এবং প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।
ম্যাচের শুরুতে বল দখলে এগিয়ে থাকলেও বড় ধাক্কা খায় বার্সেলোনা। প্রথমার্ধের শেষ দিকে ফাউল করায় ভিএআর পর্যালোচনার পর পাউ কিউবারসিকে লাল কার্ড দেখান রেফারি রেফারি ইস্তভান কোভাকস। প্রথমে হলুদ কার্ড দিলেও পরে সেটি লালে রূপান্তর করা হয়, ফলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ।
দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেলেও বার্সেলোনা দারুণভাবে ঘুরে দাঁড়ায় এবং একাধিক সুযোগ তৈরি করে। মার্কাস র্যাশফোর্ডের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে, লামিনে ইয়ামালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
তবে ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অ্যাটলেটিকো। ম্যাটিও রুগেরির নিচু ক্রস থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আলেকজান্ডার সর্লোথ।
ম্যাচে মোট ২৪টি শট নেয় বার্সেলোনা, কিন্তু গোলের দেখা না পাওয়ায় দ্বিতীয় লেগে তাদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
একই রাতে অন্য কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে শক্ত অবস্থান তৈরি করেছে পিএসজি। ম্যাচের ১১ মিনিটে গোল করেন ডেজায়্যার দুয়ে। ৬৫ মিনিটে খভিচা কভারাতস্খেলিয়া দ্বিতীয় গোলটি করেন।
পুরো ম্যাচে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি লিভারপুল। এর ফলে দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে তাদের ওপর চাপ অনেকটাই বেড়ে গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে