Views Bangladesh Logo

ঢাকায় এসে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন আতিফ আসলাম

ঢাকায় এসে ভক্তদের জন্য নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। দীর্ঘ আট বছর পর নিজের লেখা ও সুর করা গান নিয়ে ‘সুবাহ্‌ আয়না’ শিরোনামে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি। আগামী ৩১ জুলাই প্রকাশ পাবে অ্যালবামটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আতিফ। এ সময় তিনি নতুন অ্যালবামের পাশাপাশি বাংলাদেশের দর্শক, সংগীতাঙ্গন, খাবার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন।

আতিফ জানান, গত কয়েক বছর চলচ্চিত্রের গান, কনসার্ট ও অন্যান্য ব্যস্ততার কারণে নিজের মৌলিক গান প্রকাশের সুযোগ হয়নি। তবে এ সময়জুড়ে তিনি নিয়মিত গান লেখা ও সুর করার কাজ চালিয়ে গেছেন।

তিনি বলেন, অনেক দিন ধরেই মনে হচ্ছিল, নিজের পছন্দের গানগুলো প্রকাশ করা আমার নিজের কাছেই একটি দায়বদ্ধতা। তাই এবার সেই কাজটি করছি। ইনশাআল্লাহ, এখন থেকে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে।

আতিফ জানান, ‘সুবাহ্‌ আয়না’ অ্যালবামে মোট আটটি গান থাকবে। প্রায় আট বছর ধরে অ্যালবামটির কাজ করেছেন তিনি। এতে রাজ, শিরাজ উপ্পল, আহসান পারভেজ মেহেদীসহ আরও কয়েকজন সংগীতশিল্পী ও প্রযোজকের সহযোগিতা রয়েছে।

আসন্ন ঢাকার কনসার্টে নতুন অ্যালবামের গান গাইবেন কি না জানতে চাইলে তিনি বলেন, অ্যালবাম প্রকাশের আগে নতুন গান পরিবেশন করবেন না। অ্যালবাম প্রকাশের পরই নতুন গান নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন।

কনসার্ট প্রসঙ্গে তিনি বলেন, তার একমাত্র প্রত্যাশা বৃষ্টি না হওয়া। তবে বৃষ্টি হলেও সেটি দর্শকদের সঙ্গে উপভোগ্য এক অভিজ্ঞতায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথাও তুলে ধরেন আতিফ। তিনি বলেন, বাংলাদেশের খিচুড়ি, মালাই চা ও বিরিয়ানি তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে। একই সঙ্গে কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে ‘লেজেন্ড’ আখ্যা দিয়ে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও স্মরণ করেন।

বাংলা ভাষায় গান গাওয়ার আগ্রহের কথা জানিয়ে আতিফ বলেন, সঠিক উচ্চারণ না শিখে তিনি বাংলা গান গাইতে চান না। কারণ তিনি বাংলা ভাষাকে যথাযথ সম্মান করতে চান।

তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী বাংলাদেশ তার অন্যতম বৃহৎ শ্রোতাগোষ্ঠীর দেশ। এ দেশের মানুষের ভালোবাসার প্রতি তিনি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতশিল্পীদের সঙ্গে আরও কাজ করতে আগ্রহী।

উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে অংশ নেবেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ