গাজায় পরিবারবিচ্ছিন্ন ১৭ হাজার শিশু: জাতিসংঘ
প্রায় চার মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চালানো হত্যাযজ্ঞের কারণে প্রায় ১৭ হাজার শিশু পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের মুখপাত্র জোনাথন ক্রিকসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।
জোনাথান ক্রিকস বলেন, গত চার মাসের যুদ্ধে গাজার প্রায় ১৭ হাজার শিশু তাদের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মানে তারা তাদের পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছে না অথবা তাদের পরিবারের সব সদস্য নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, গাজার শিশুদের মানসিক সমস্যার লক্ষণ-ক্রমাগত উদ্বিগ্নতা, ক্ষুধামন্দা দেখা দিয়েছে। তারা ঘুমাতে পারে না। তারা আবেগ তাড়িত হয়ে পড়ে অথবা যখনই বোমা হামলা হয় তখন তাদের মধ্যে ভীতির সৃষ্টি হয়।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় সাড়ে ১১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে।
অন্যদিকে শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ১১২ ফিলিস্তিনি নিহত ও ১৪৮ জন আহত হয়েছে।
এরই মধ্যে প্রাণহানি এড়াতে আবারও যুদ্ধবিরতির ইস্যুতে কাজ করছে কাতার। তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। মধ্যস্থতাকারী কাতার জানায়, জিম্মি মুক্তির বিনিময়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রসঙ্গে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। ফলে শিগগিরই সাময়িক সংঘাত বন্ধের প্রত্যাশা মধ্যস্থতাকারীদের।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে