পাকিস্তানে থানায় হামলায় ১০ পুলিশ নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের এক থানায় সশস্ত্র হামলার ঘটনায় অন্তত ১০ পুলিশ নিহত ও ছয়জন আহত হয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোররাতের দিকে, প্রদেশটির ডেরা ইসমাইল খান জেলার চদওয়ান পুলিশ স্টেশনে হামলার এ ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম ডনকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন ডেরা ইসমাইল খান জেলার এক পুলিশ কর্মকর্তা।
পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর তিন দিন আগে হামলাটি চালানো হলো।
গত কিছুদিনে পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তান প্রদেশে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। ফলে নির্বাচনের আগে সেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ও নিরাপত্তা কর্তৃপক্ষ। নির্ধারিত সূচী অনুযায়ীই ভোট গ্রহণ করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে