সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের ফের শাহবাগে অবস্থান
রাজধানীর শাহবাগে টানা দ্বিতীয় দিনের মতো আজও অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান কর্মসূচি করতে দেখা যায়।
সুপারিশ বাতিল হওয়া প্রার্থীরা ‘তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হয়তো মোদের যোগদান দেন, নয়তো মোদের জীবন নেন’ সহ স্লোগান দিতে থাকেন।
আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন, ‘আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। এ সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এটি আমাদের সঙ্গে প্রতারণা। আমরা চাই দ্রুত যেন এ রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয়।’
নিয়োগপ্রার্থীরা দাবি করছেন, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সুপারিশপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে।
আন্দোলনকারীরা জানান, তিন ধাপে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হলেও, তৃতীয় ধাপের নিয়োগপ্রক্রিয়া এখনো ঝুলে রয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘জাতীয় জাদুঘরের সামনে একটি দল অবস্থান নিয়েছে। তবে আজ তারা রাস্তা অবরোধ করেনি।’
এর আগে, গতকালও তারা শাহবাগে সড়ক অবরোধ করেন তারা এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত সরে যেতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে