সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার চাকরিচ্যুত
ফেসবুকে পোস্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-১) ইব্রাহীম আলম ভূইয়াকে চাকরি থেকে বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ১৪ জুলাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা প্রজ্ঞাপনে তাকে চাকরিচ্যুত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িক বরখাস্ত থাকা ইব্রাহীম আলম ভূইয়ার বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলায় আনা অভিযোগ সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট) এমপ্লয়িজ (শৃঙ্খলা ও আপিল) রুল, ১৯৮৩ অনুযায়ী সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে ১৪ জুলাই থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত (ডিসমিসাল ফ্রম সার্ভিস) করা হয়েছে।
এর আগে গত ৫ মে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সে সময় সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ইব্রাহীম আলম ভূইয়া ফেসবুক পোস্টে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।
এছাড়া ব্যক্তিস্বার্থে সুপ্রিম কোর্টের কর্মচারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রতিষ্ঠান, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের বিরুদ্ধে মিথ্যা ও অসত্য তথ্য প্রচারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈধ আদেশ অমান্য করতে অন্যান্য কর্মচারীদের প্ররোচিত করে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, যা শৃঙ্খলাবিধি অনুযায়ী গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত। এসব অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শেষে তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতামত দিন