নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিহত
শেরপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ঘটনায় আরও চারজন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন নিহত রোকনুজ্জান রুকন (৩১)। তিনি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।
নিহতের ছোট ভাই রবিন সংবাদমাধ্যমকে জানান, সোমবার পারিবারিক একটি কাজে রুকন শেরপুর থেকে বাড়িতে যান। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি বাড়ি থেকে বের হন নির্বাচনি দায়িত্ব পালনের উদ্দেশে। শেরপুরে আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, রুকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। তিনি কোন কেন্দ্রে দায়িত্বে ছিলেন, সেই তথ্য ইতিমধ্যে সংগ্রহ করা হচ্ছে। তার কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। আমাদের হাতে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে