সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল
সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আবুল হাসানের নিয়োগ বাতিল করা হয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে সোমবার (৬ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ফলে নিয়োগ বাতিলের পর থেকে তিনি আর সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকছেন না।
আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে এ ধরনের পরিবর্তন আনা হয়েছে। তবে প্রজ্ঞাপনে নিয়োগ বাতিলের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে চলতি সপ্তাহেই অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আরও কয়েকটি পদত্যাগ ও পরিবর্তনের ঘটনা ঘটে। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে