Views Bangladesh Logo

সীমান্তে পুশ ইন নিয়ে উদ্বেগ জানাল আসক

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ে নারী, শিশু ও প্রবীণসহ বহু মানুষকে জোরপূর্বক পুশ ইনের (ঠেলে পাঠানো) ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি দুই দেশের প্রতি বিষয়টির মানবাধিকারসম্মত সমাধানের আহ্বান জানিয়েছে।

আসক বলেছে, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সীমান্তের বিভিন্ন পয়েন্টে বহু মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অনেক ক্ষেত্রে তাদের জাতীয়তা ও পরিচয় যথাযথভাবে যাচাই না করেই আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ না করে বাংলাদেশে প্রবেশে বাধ্য করার চেষ্টা হয়েছে।

সংগঠনটি বলেছে, কোনো ব্যক্তিকে অন্য দেশের নাগরিক বলে সন্দেহ করা হলেও তার সঙ্গে অমানবিক বা অবমাননাকর আচরণ করা গ্রহণযোগ্য নয়। মানুষের মৌলিক অধিকার তার জাতীয়তা, ধর্ম, ভাষা বা অভিবাসন অবস্থার ওপর নির্ভর করে না।

আসক আরও জানায়, সাম্প্রতিক ঘটনায় অনেক মানুষকে দিনের পর দিন শূন্যরেখায় অবস্থান করতে হয়েছে — খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত হয়ে। এ ধরনের পরিস্থিতি মানবিক মূল্যবোধের পরিপন্থী এবং অনেক ক্ষেত্রে নিষ্ঠুর ও অমানবিক আচরণ হিসেবেও বিবেচিত হতে পারে।

সংগঠনটি মনে করে, কোনো ব্যক্তির নাগরিকত্বের প্রশ্ন স্বচ্ছ, আইনসম্মত ও পারস্পরিকভাবে স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হওয়া উচিত। এ জন্য দুই দেশের মধ্যে তথ্যবিনিময়, পরিচয় যাচাই ও প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন। আসক বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবাধিকার, আইনের শাসন ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার এবং সীমান্তে অবস্থানরত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ