Views Bangladesh Logo

নির্বাচন-পরবর্তী সহিংসতায় আসকের উদ্বেগ

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, প্রাণহানি ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এসব ঘটনার নিন্দা জানিয়ে রাজনৈতিক দল ও রাষ্ট্রের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মুন্সিগঞ্জে সহিংস ঘটনায় একজন নিহত হয়েছেন। একইভাবে বাগেরহাটেও সহিংসতায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া সিলেট, কুমিল্লা, নরসিংদী, ফেনী, গাজীপুর, নাটোর, ঝালকাঠি, নড়াইল, পাবনা, বগুড়া, ফরিদপুর, বরগুনা, ঝিনাইদহ, চাঁদপুর, পটুয়াখালী, কিশোরগঞ্জ ও দিনাজপুরসহ বিভিন্ন জেলায় হামলার ঘটনায় দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।

একই সময়ে একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে বলেও জানায় আসক। সংগঠনটির ভাষ্য, এটি শুধু ফৌজদারি অপরাধ নয়, বরং মানব মর্যাদা ও মৌলিক অধিকার লঙ্ঘনের চরম উদাহরণ।

আসক বলেছে, প্রত্যেক নাগরিকের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়বদ্ধতা। বিশেষ করে নারী, সংখ্যালঘু ও সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বের মৌলিক দায়িত্বের অংশ।

বিবৃতিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা যেন অবিলম্বে তৃণমূল পর্যায়ে কঠোর ও স্পষ্ট নির্দেশনা দেয়, যাতে কোনো ধরনের প্রতিশোধমূলক সহিংসতা, হামলা, দখল, ভীতি প্রদর্শন বা নারী নির্যাতনের ঘটনা না ঘটে। রাজনৈতিক মতপার্থক্য কখনো সহিংসতা বা মানবাধিকার লঙ্ঘনের বৈধতা দিতে পারে না বলেও মন্তব্য করেছে সংগঠনটি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়ে আসক বলেছে, প্রতিটি ঘটনা দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে বিচারপ্রক্রিয়ার আওতায় আনতে হবে। বিশেষ করে যৌন সহিংসতার ঘটনায় ভুক্তভোগীর নিরাপত্তা, চিকিৎসা, মানসিক সহায়তা ও আইনি সহায়তা নিশ্চিত করতে রাষ্ট্রকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ