Views Bangladesh Logo

সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিক–শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগে আসকের নিন্দা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগ ও মারধরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওচিত্রে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের শারীরিকভাবে আঘাত করার দৃশ্য দেখা গেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও এক ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে লাঠিপেটা ও কিল-ঘুষি মারার অভিযোগ উঠেছে, যা চরম অপেশাদার আচরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণবিধির পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

আসক বলেছে, মাদকবিরোধী অভিযানের নামে কোনোভাবেই অতিরিক্ত বা অযৌক্তিক বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং শিক্ষার্থীদের সঙ্গে সহিংস আচরণ নাগরিক অধিকার ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ সদস্যদের ওপর কার্যকর তদারকি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমেই নাগরিক আস্থা সুদৃঢ় করা সম্ভব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ