Views Bangladesh Logo

আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর: আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলল আসক

পটুয়াখালীর মির্জাগঞ্জে আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরও যদি এ ধরনের সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে, তবে তা আইনের শাসন, জননিরাপত্তা এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

রোববার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক এ মন্তব্য করে। বিবৃতিতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের বসতবাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

আসক জানায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত শুক্রবার গভীর রাতে একদল ব্যক্তি কাজী মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা প্রথমে লুটপাট করে, পরে বুলডোজার দিয়ে বাড়ির বিভিন্ন অংশ ভেঙে ফেলে এবং শেষে অগ্নিসংযোগ করে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী জড়িত ছিলেন। তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন।

বিবৃতিতে বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তার প্রতিকার কেবল আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে পারে। আদালতের আদেশ বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কারও বাড়িঘর ভেঙে ফেলা, সম্পদ লুট করা বা অগ্নিসংযোগ করা সম্পূর্ণ বেআইনি এবং আইনের শাসনের পরিপন্থী। রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের জীবন, সম্পদ ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

আসক আরও বলেছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হলে বিচারহীনতার সংস্কৃতি আরও উৎসাহিত হবে এবং সমাজে ভয় ও অনিরাপত্তার পরিবেশ সৃষ্টি করবে।

সংস্থাটি সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদের পাশাপাশি সর্বজনীন মানবাধিকার ঘোষণার ১২ ও ১৭ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেছে, সব নাগরিকের আইনের সমান সুরক্ষা, সম্পত্তির অধিকার এবং ব্যক্তিগত জীবনে বেআইনি হস্তক্ষেপ থেকে সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আসক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ