তিন আসামিকে খালাসের রায়ে অসন্তুষ্ট আছিয়ার মা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে চারজন আসামির তিনজনই খালাস পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তার মা ও মামলাটির বাদিনী আয়েশা বেগম।
তিনি বলেন, 'মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হলেও অন্য তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। এ রায় আমরা মেনে নিতে পারছি না'।
শনিবারের (১৭ মে) রায়ে আট বছরের আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি নিহতের বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তবে হিটুর স্ত্রী জাহেদা বেগম (৩৮) এবং দুই ছেলে রাতুল শেখ (১৮) ও সজিব শেখকে (২০) খালাস দেন।
রায়ের পর আদালত প্রাঙ্গণ ত্যাগের আগে সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করেন আয়েশা বেগম।
গণমাধ্যমকে তিনি বলেন, এই রায়ে তিনি সন্তুষ্ট নন। তিনজন আসামিরও শাস্তি প্রাপ্য ছিল। কারণ, তারা ধর্ষণ-হত্যায় সহায়তা এবং তথ্য গোপন করেন।
আছিয়ার মা বলেন, 'মুক্তি পাওয়ার পর তারা তিনজনই অন্যদের সাথে একই আচরণ করতে পারেন এবং এর জন্য কে দায়ী হবেন, তা ভেবে আমি হতাশ'।
মামলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজি বলেন, 'আমরা রায়ের অনুলিপি সংগ্রহ এবং নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এটি পর্যালোচনা করব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ বা নির্দেশ থাকলে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে'।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুল ইসলাম মুকুলও বলেন, 'বাদিনী এই রায়ে সন্তুষ্ট হননি। তাই আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবো- এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যায় কি না'।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে