নারায়ণগঞ্জে পুলিশের এএসআই’র পিস্তল নিয়ে পালাল ছিনতাইকারী
নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব পালনকালে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই লুৎফর রহমান) ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে সরকারি পিস্তল লুট করে নিয়ে গেছে।
সোমবার সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
এএসআই লুৎফর রহমান নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত। ঘটনার সময় তিনি অন-ডিউটিতে ছিলেন। পুলিশের পোশাকেই তিনি উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) তাসমিন আক্তার জানিয়েছেন, দায়িত্ব পালনকালে টয়লেট ব্যবহারের জন্য তিনি সাময়িকভাবে টিম থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এর মধ্যে তিনজন ছিনতাইকারী তার মোটরসাইকেল পথরোধ করে, তার কাছে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, নিতাইগঞ্জের এই এলাকা ছিনতাইপ্রবণ। এখানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও সাধারণ পথচারীরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হন।
অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে