পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘ধন্যবাদ’ জানালেন আসিফ নজরুল
টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার এক বৈঠকে শাহবাজ শরিফ বলেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না। তার মতে, খেলাধুলার সঙ্গে রাজনীতি যুক্ত হওয়া উচিত নয় এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানো পাকিস্তানের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশের অংশগ্রহণ বাতিলের প্রতিবাদ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শাহবাজ শরিফ আরও বলেন, ভারতের ক্রিকেট–সংক্রান্ত নীতি পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনাকে অন্যায্য উল্লেখ করে তিনি জানান, পাকিস্তান সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে রয়েছে।
পাকিস্তানের দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের প্রতিক্রিয়াতেই তারা এ অবস্থান নিয়েছে। এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার জাতীয় দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসির বোর্ড সভায় সমর্থন না পাওয়ায় সেই প্রস্তাব বাতিল হয়। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। ওই সভায় বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান।
পাকিস্তানের এই সিদ্ধান্তের পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফেসবুকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, “ধন্যবাদ পাকিস্তান।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে