Views Bangladesh Logo

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, সায় ছিল বিসিবির: তদন্ত প্রতিবেদন

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত তদন্ত কমিটি। ২২ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিসিবিকে সিদ্ধান্তের কথা জানানো হলেও বোর্ড এর সঙ্গে কোনো দ্বিমত পোষণ করেনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়। গত মার্চে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণ অনুসন্ধানে এই কমিটি গঠন করা হয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম ওলি উল্যার নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

প্রতিবেদন প্রকাশের পর জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে তারা বিশ্বকাপে বাংলাদেশ দলের না যাওয়ার জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী মনে করেছেন। তার ভাষ্য, এ সিদ্ধান্তের জন্য সে সময়ের সরকারও দায়ী।

ফয়সাল দস্তগীর জানান, ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিসিবিকে চিঠি দিয়ে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল। বিসিবি ওই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত করেনি। তদন্ত কমিটির পক্ষ থেকে তিনি বলেন, বাংলাদেশের অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া উচিত ছিল।

তদন্ত প্রতিবেদনে মোট ১২ জনের সাক্ষাৎকার নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ক্রিকেটারদের মধ্যে ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে সাক্ষাৎকার নেওয়া হয় সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল খান, বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় দলের কোচ ও ওই সময়ের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং তৎকালীন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের।

এ ছাড়া যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের সঙ্গেও কথা বলে তদন্ত কমিটি। গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেদুয়ানুজ্জামান ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদের সাক্ষাৎকার নেওয়া হয়। প্রতিবেদনে সাক্ষাৎকারদাতাদের বক্তব্যের সারসংক্ষেপও তুলে ধরা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ