আসিফ নজরুল ও সেনাপ্রধানের বক্তব্য সরকারের বক্তব্য নয়: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার -উজ-জামান নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সরকারের বক্তব্য নয়।
শুক্রবার (১৮ অক্টোবর) কক্সবাজার সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দেওয়া হয়তো সম্ভব হবে’ বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তারও আগে গত ২৪ সেপ্টেম্বর বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সে জন্য তিনি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন।’
দুজনের মন্তব্যই নাকচ করে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, একটি সরকারের পতন হয়েছে। সেই সরকারের অবশিষ্ট সময় পূরণের জন্যই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তার চেয়ে বড় কথা রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ। সংস্কার না করে নির্বাচন দিলে রাষ্ট্র নড়বড়েই থেকে যাবে। তাই সরকার সংস্কারে গভীরভাবে কাজ করছে।
উপদেষ্টাদের ক্ষমতাপ্রীতির অভিযোগ তুলে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য প্রসঙ্গে সরকারের এই উপদেষ্টা বলেন, অনেক নেতা প্রকাশ্যে বলছেন, উপদেষ্টাদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে গেছে। তারা ক্ষমতা ছাড়তে চাইবেন না। এটা তাদের ভুল ধারণা। আমাদের কোনো ধরনের ক্ষমতাপ্রীতি বা লোভ নেই। আমরা এসেছি অস্থায়ীভাবে; দেশ সংস্কারের জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের কাজ শেষ হলে কাউকে বলতে হবে না। নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা চলে যাব।
দুই দিনের সফরে বর্তমানে কক্সবাজারে রয়েছেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। আজ শনিবার চকরিয়া-পেকুয়ায় একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে