আসিফ মাহমুদের বয়স কম হওয়ায় কথাবার্তা ভারসাম্যহীন: রিজভী
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ‘বয়স অনেক কম হওয়ায়’ কথাবার্তায় ‘ভারসাম্যহীনতা’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২০ মে) রাজধানীর খিলক্ষেতে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স অনেক কম। হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে।
তিনি বলেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করল? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না।
টানা ছয়দিন ধরে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবন ঘিরে আন্দোলন চলছে। সোমবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, কেন ইশরাককে মেয়র হিসেবে শথ পড়ানো যাচ্ছে না।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে পোস্ট করে বলেন, গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন চালানো হচ্ছে। তিনি ইশরাকের শপথ না নেওয়ার পক্ষে ১০টি যুক্তিও তুলে ধরেন। পাশাপাশি নিজের ছবি ব্যবহার করে আক্রমণের সমালোচনাও করেন।
ইশরাকও এক পোস্টে লেখেন, তার আন্দোলন ‘মেয়র ফেওরের’ জন্য না। বরং কিছু মানুষের ‘ক্ষমতার লোভ’ প্রকাশ্যে আনা মুখ্য উদ্দেশ্য।
এদিকে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি দাবি করে রিজভী বলেন, কাজের চাইতে অকাজ বেশি করছে অন্তর্বর্তী সরকার।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম ও মোস্তফা-ই-জামান সেলিম; সংগঠনের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন; সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন।
এ সময় আহত রাকিবুল হাসানের শরীরের খোঁজ-খবর নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। রাকিবুলের মায়ের সঙ্গেও কথা বলেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়া হয় এবং যেকোনো প্রয়োজনে রাকিবুল হাসানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
গত ১৮ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকার ইসিবি চত্বরে আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগ ও পুলিশের আক্রমণে আহত হন স্বেচ্ছাসেবক দল কর্মী রাকিবুল হাসান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে