Views Bangladesh Logo

নিজের ব্যাংক হিসাব প্রকাশ করলেন আসিফ মাহমুদ

নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা থাকাকালে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাংক হিসাব উপস্থাপন করেন।

পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরে আসিফ মাহমুদ জানান, তাঁর বাবার পাঁচটি অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে, কিন্তু ১০ লাখ টাকার সার্ভিস লোন রয়েছে। সার্ভিস লোন থেকে মাসিক বেতন কেটে নেওয়া হয়। এখন লোন বাকি ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। ফলে বাবার অ্যাকাউন্টে থাকা টাকা লোন বাদ দিলে তিনি এখনও ৮২ হাজার ৪৫ টাকা দেনায় রয়েছেন। মায়ের অ্যাকাউন্টে আছে ২১ হাজার ১৫৪ টাকা, আর স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র ৬১৩ টাকা।

নিজের হিসাব তুলে ধরে তিনি জানান, সোনালি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। উপদেষ্টা থাকাকালীন ১৬ মাসের বেতন ও ভাতা তাঁর স্যালারি অ্যাকাউন্টে এসেছে। সরকারি খাতে বিভিন্ন ভাতা ও টিএ-ডিএও স্যালারি অ্যাকাউন্টে এসেছে। সরকারে যোগ দেওয়ার আগে স্যালারি অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ছিল। মোট টাকা এসেছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা, উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে ওই অ্যাকাউন্টে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা আছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তলব করেছিল। গত সোমবার (২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘যারা বিগত সময়ে মনোক্ষুণ্ন হয়েছেন এবং আওয়ামী লীগের যারা এখনো দেশে রয়েছেন তারা এসব অভিযোগ তুলছে। আমি দায়িত্ব ছাড়ার সময় এসব কথা ওঠেনি, কিন্তু আমার সিটি কর্পোরেশন নির্বাচনের পরই গুঞ্জন শুরু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ব্যাংক হিসাব তলব নিয়ে সংবাদ করা একটি দলের হীন উদ্দেশ্য। তাই আগেই নিজের ব্যাংক হিসাব প্রকাশ করেছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ