ঘুষ নেওয়াকে যৌক্তিক দাবি করা সেই এএসআই প্রত্যাহার
প্রকাশ্যে ঘুষ নেওয়াকে যৌক্তিক দাবি করে মন্তব্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পরপরই তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে উপজেলার রানীগাঁও বাজারে ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস হোসাইন। সেখানে উপস্থিত লোকজনের সামনে প্রকাশ্যে ঘুষ নেওয়ার বিষয়ে তাকে মন্তব্য করতে শোনা যায়।
ঘটনার একটি ভিডিওতে এএসআই ইলিয়াসকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে। কথা বুঝস না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না। আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’
এ সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার ওই বক্তব্য ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।
চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরই রাতে এএসআই ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাব।’
মতামত দিন