রংপুরে এএসআই পেয়ারুল হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পেয়ারুল হত্যা মামলায় পারভেজ রহমান পলাশ নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রংপুর মহানগরীর হারাগাছ থানার বাহারকাছনা এলাকায় মাদকসহ পলাশকে আটক করে পুলিশ। এ সময় গ্রেপ্তার এড়াতে দায়িত্বরত এএসআই পেয়ারুলকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার ছুরিকাঘাত করেন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় এএসআই পেয়ারুলের মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে হারাগাছ থানায় হত্যা মামলা করে। দীর্ঘ তদন্ত, অভিযোগপত্র দাখিল, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত রায় দেন।
রায়ে বলা হয়, আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। তবে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে